বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান শহরের মুক্তমঞ্চে নবনির্বাচিত সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
এর আগে নবনির্বাচিত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে নারী-পুরুষসহ শতাধিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মাম্যাচিংকে অভিনন্দন জানিয়ে বলেন, বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি ও জনকল্যাণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এটাই জেলার মানুষের প্রত্যাশা। নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে পার্বত্য জেলা পরিষদ জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
জবাবে নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিং বলেন, জেলার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হবে। বান্দরবানের উন্নয়ন, শান্তি-সম্প্রীতি ও জনকল্যাণে পরিষদ কার্যকর ভূমিকা রাখবে।
মাম্যাচিং বান্দরবানের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় উচ্চশিক্ষা অর্জন করেন। মারমা নারীদের মধ্যে তিনি প্রথম স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হিসেবে পরিচিত। বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
দলীয় রাজনীতিতেও দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মাম্যাচিং। ১৯৯৮ থেকে ২০০৭ সাল এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বান্দরবান জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মাম্যাচিং জেলার নারী রাজনীতিকদের মধ্যে অন্যতম পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। মিষ্টভাষী ও ক্লিন ইমেজের এই নেত্রী নিজ কর্মগুণে বান্দরবানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।
মতামত