বরগুনার বেতাগী উপজেলার জনপ্রিয় ও অত্যন্ত জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেনের আকস্মিক বদলির খবরে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেতাগীবাসী এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তাদের একটাই দাবি—মানবিক এই অফিসারের বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও ইউএনও সাদ্দাম হোসেনের ক্ষেত্রে তা যেন সাধারণ নিয়মের বাইরে চলে গেছে। বেতাগীতে যোগদানের পর থেকে তার সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি সাধারণ মানুষের প্রতি তার দরদ ও মানবিক আচরণ তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি কেবল একজন সরকারি কর্মকর্তাই ছিলেন না, বরং সাধারণ মানুষের একজন সত্যিকারের বন্ধু হয়ে উঠেছিলেন। উপজেলার এমন কোনো প্রান্ত নেই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়নমূলক কাজের পাশাপাশি ব্যক্তিগত মানবিকতা দিয়ে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
তার বদলির খবর শুনে ফেসবুকে পোস্ট করে অনেক নেটিজেন তাদের আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই লিখেছেন, "বেতাগী উপজেলায় তার মতো একজন জনদরদী ইউএনও পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার ছিল। তার এই বিদায় আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।"
বেতাগী উপজেলার একজন বাসিন্দা জানান, "স্যারের বদলির খবরে আমরা খুবই হতাশ। তিনি নিজেই স্বউদ্যোগে অনেক উন্নয়নের কাজ করেছেন। সাধারণ মানুষ তার কাছে যেকোনো সমস্যা নিয়ে গেলে তাৎক্ষণিক সমাধান পেতেন। তাহার মতো মানবিক মানুষ আর হয় না।"
এই বদলির আদেশ প্রত্যাহার করার জন্য বেতাগী উপজেলার সর্বস্তরের মানুষ বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম (মনি ভাই) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা মনে করছেন, এমন একজন দক্ষ ও জনদরদী কর্মকর্তাকে আরও কিছুদিনের জন্য বেতাগীতে রাখা দরকার।
নেটিজেন এবং বেতাগী বাসীর জোরালো দাবি, সরকার যেন জনগণের এই আবেগ ও দাবিকে মূল্যায়ন করে জনস্বার্থে ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহার করে।
মতামত