নোয়াখালীর সেনবাগে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় সেনবাগ থানার উদ্যোগে ও ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ র্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রবিউল হক মানিক মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহছিয়া তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার , নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম, ৬নং কাবিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাকের, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক শামু এবং ৬নং ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন মহিন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৬নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মজিবুর রহমান, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাষ্টার শরিফুল ইসলাম এবং নোয়াখালী জেলা যুবদলের সদস্য রেজাউল হক সেলিম।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপর। মাদকের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার পাশাপাশি চুরি, ছিনতাই, সহিংসতাসহ বিভিন্ন সামাজিক অপরাধও বৃদ্ধি পায়। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। নিজ নিজ এলাকায় মাদক সংক্রান্ত তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আলোচনায় বক্তারা বিশেষভাবে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সমাজের প্রতিটি স্তর থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়; প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লড়াই কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়-এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি, পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকার সমন্বয়ে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
মতামত