বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহী। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সোয়াইবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। তাঁর জীবন থেকে সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবতা, ক্ষমাশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা গ্রহণ করা উচিত।
বক্তারা আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন শুধু আলোচনা ও স্মরণ করার বিষয় নয়; তাঁর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করাই হওয়া উচিত মুসলমানদের অন্যতম প্রধান লক্ষ্য। কুরআন ও সুন্নাহর শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি সাদেক মিয়া, অফিস সম্পাদক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, নয়াপাড়া ইউনিয়ন সভাপতি মুরাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত