দিনাজপুর সদর উপজেলায় রাইস মিলের গুদাম থেকে ২১৭ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। অনুমোদন ছাড়া সার মজুতের অভিযোগে মিল মালিক মনোহর আলমকে (৬৫) ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পুলহাট বিসিক শিল্পনগরী এলাকায় মেসার্স ফুয়াদ ইন্ডাস্ট্রিজ রাইস মিলে অভিযান চালানো হয়।
অভিযানে মিলের গুদাম থেকে ১৭০ বস্তা ইউরিয়া ও ৪৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় সারের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মিল মালিক মনোহর আলম। পরে তিনি অবৈধভাবে সার মজুতের বিষয়টি স্বীকার করেন বলে জানায় প্রশাসন।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনোহর আলমকে ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন শরীফ। তিনি জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এসব সার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানকালে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা ও কোতোয়ালি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
মতামত