জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত,সাম্য,মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিসান আলী।
সভায় জানানো হয়,বর্তমান সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৪ মে ২০২৭ সাল পর্যন্ত ‘নজরুল বর্ষ’ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাড়াইল উপজেলাতেও একই সময়ে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠু,সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রস্তুতি,অনুষ্ঠানস্থল,শৃঙ্খলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিসান আলী বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলের সাম্য, মানবতা,অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন,আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠান যেন সুন্দর,সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়,সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানান।
সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক,সাংস্কৃতিক কর্মী,স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,আগামী ৩১ আগস্ট সোমবার সকাল ১০টায় তাড়াইল উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মতামত