নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি, সমাবেশে ক্ষোভ
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের বঞ্চিত ও বহিষ্কৃত নেতাকর্মীদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঢাকা মোড়স্থ কোচ স্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। জায়গা সংকুলান না হওয়ায় অনেকে আশপাশের সড়কে অবস্থান নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও শিল্পপতি এ.জেড.এম. রেজওয়ানুল হক।
পার্বতীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বহিষ্কৃত সাবেক সহসভাপতি ও সাবেক মেয়র শিল্পপতি এ.জেড.এম. মেনহাজুল হক, জালাল উদ্দিন, জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মাস্টার, উপজেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সভাপতি আতিকুর রহমান স্বপন, বহিষ্কৃত যুবদল নেতা জুবায়ের হোসেন বাবুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর ‘অত্যাচারে’ তারা অতীতে ঘরবাড়ি ছাড়া ছিলেন, তাদের কয়েকজনকে বিএনপির কিছু নেতার সঙ্গে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এমনকি তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষীদের সঙ্গে চা-চক্রে বসারও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, ‘এমন বিএনপি আমরা করতে চাই না।’ তারা দিনাজপুর-৫ নির্বাচনী এলাকার দুই উপজেলার বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বয়কটের ঘোষণা দেন। একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের কাছে ওই আহ্বায়ক কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সমাবেশ সঞ্চালনা করেন ভিপি সোহেল মারুফ স্বপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সদস্যসচিব শরিফুল ইসলাম।
মতামত