অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় আরও তৎপর হওয়ার নির্দেশ পুলিশ সুপারের
দিনাজপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা এবং আগস্ট ২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্সের হলরুমে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন পেশাগত বিষয়, কর্মপরিবেশ ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
বিশেষ কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলার সার্কেল অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের প্রতি পুলিশি সেবার মানোন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ ছাড়া আগস্ট মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্মকর্তাদের উৎসাহিত করেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলার বিভিন্ন সার্কেল অফিসার, সব থানার ওসি এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত