চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেট এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং কার্যকর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নোয়াখালী সুপার মার্কেটের পঞ্চম তলায় নোয়াখালী সুপার মার্কেট ও চেম্বার অব কমার্সের আয়োজনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চেম্বার অব কমার্স, নোয়াখালীর সভাপতি ফিরোজ আলম মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সভায় পুলিশ সুপার বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটগুলোতে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন, সেগুলো সচল রাখা এবং নিয়মিত কার্যকর নজরদারি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান। কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করারও পরামর্শ দেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলায় একটি নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পুলিশি সহযোগিতা অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটি, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, মালিক সমিতি, বণিক সমিতি, হকার্স মার্কেটের ব্যবসায়ী, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ প্রতিরোধে পুলিশ-ব্যবসায়ী পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভার মাধ্যমে নোয়াখালীর ব্যবসায়ী মহল ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মতামত