সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেছে সংগঠনটির নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার ওপর আপিল গ্রহণ করা হবে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এরপর ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
প্রার্থীরা ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও আপিলের কার্যক্রম অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর।
তফসিল অনুযায়ী, আগামী ৪ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী চাইলে একাধিক পদে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর কোনো প্রার্থীর একাধিক পদে মনোনয়নপত্র বহাল থাকলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনার জন্য সরকারি বাঙলা কলেজের মিরপুর-১ ক্যাম্পাসে অবস্থিত বাকসাস কার্যালয়কে নির্বাচনি কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মো. আমানুর রহমান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়।
মতামত