সীমান্ত সুরক্ষার পাশাপাশি বান্দরবানের আলীকদমের দুর্গম ও সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকা সহায়তার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন ৫৭ বিজিবির উদ্যোগে সম্প্রতি আলীকদমের দুর্গম এলাকায় এসব সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় কচুরঝিড়া জশিরাম কারবারীপাড়া স্কুলে সিমেন্ট সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে স্কুলের বেতন ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের জন্য টিন বিতরণ করা হয়েছে। স্থানীয় অসহায় কৃষকদের স্বাবলম্বী করা এবং কৃষিভিত্তিক জীবিকা পুনরুদ্ধারে বিভিন্ন ধরনের সবজির বীজও বিতরণ করা হয়।
এ ছাড়া একটি অসহায় পরিবারের জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে সেলাই মেশিন এবং একজন বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা এবং অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।
৫৭ বিজিবি জানিয়েছে, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, জনসম্পৃক্ততা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে তারা কাজ করছে। দুর্গম সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকার মতো মৌলিক বিষয়ে সহায়তা পাওয়ায় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মতামত