বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেছেন, আমরা লক্ষ্য করেছি, কিছুদিন ধরে এনসিপি নামে এক বাচ্চা পার্টি কথায় কথায় আন্দোলনের ডাক দেয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, তাদের রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই যথেষ্ট। তাই আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়ার শেরপুরে পৌর ছাত্রদলের আয়োজিত ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সন্ধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্বপ্ন, সেই আশা, সেই গৌরবের ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে ছাত্রদল।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালে সর্বোচ্চ ভোটে ভূমিকা রেখে স্বৈরাচার এরশাদের পতন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুধু এরশাদের পতনই নয়, পরবর্তীতে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করেছিল ছাত্রদল।
তিনি আরও বলেন, দীর্ঘ সতেরো বছর অন্যায়ভাবে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে জুলুম করেছে, সে জুলুমকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের কোনো নেতা-কর্মী ঘরে বসে ছিল না। যে সকল আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হয়েছিল, হরতাল, অবরোধ থেকে শুরু করে সকল আন্দোলন ছাত্রদল সফল করেছে।
সন্ধান সরকার বলেন, আজকের এই কর্মী সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, তারা শিক্ষা, ঐক্য, প্রগতি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ থাকবেন। আজকের পর যারা নেতৃত্ব পাবেন, তাদের সকলকে সকল নীতি-নিয়ম মেনে সংগঠন করতে হবে।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ। উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব হোসেন সোহাগ এবং বগুড়া জেলা, শহর থেকে শুরু করে শেরপুর পৌর ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতামত