চট্টগ্রামের বোয়ালখালীতে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন, বিএসটিআই লাইসেন্স না থাকা, মোড়কজাতকরণে অনিয়ম এবং ওজন-পরিমাপে কারচুপির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ছয়টি মামলায় ছয়জনকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ফুলতল ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। অভিযানে প্রসিকিউশন হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিএসটিআই ও মোড়কজাতকরণের লাইসেন্স না থাকায় দরবার ফুড প্রোডাক্টসকে ৫ হাজার, কসমিক ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার এবং শাহ আমানত বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ধারায় একজনকে ৫ হাজার টাকা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ছয়টি মামলা দায়ের করে ছয়জনের কাছ থেকে ৫৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত