বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে মোঃ রফিকুল ইসলাম মিন্টুকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শেরপুর কলেজের সাবেক ভিপি হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় তার পরিচিতি উপজেলার প্রতিটি অলিগলিতে। আর পৌরবাসীর প্রত্যাশা ও নাগরিক সেবার বিষয়গুলোকে সামনে রেখে তাকে নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে।
এ জনপদের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে রফিকুল ইসলাম মিন্টু নিজের অবস্থান তৈরি করেছেন বলে জানা গেছে। ছাত্ররাজনীতি থেকে শুরু করে উপজেলা বিএনপির দায়িত্ব পালন পর্যন্ত তার ত্যাগ, সংগ্রাম, সততা, দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্ব প্রশংসিত সর্বমলে। তাই আসন্ন নির্বাচনকে ঘিরে সেই অভিজ্ঞতার ভিত্তিতে জননন্দিত ও জনপ্রিয় এই নেতাকে নিয়েই মানুষের প্রত্যাশার বিষয়টি সামনে এসেছে।
বিভিন্ন ওয়ার্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোটারদের প্রত্যাশার জায়গায় রয়েছে নাগরিক সেবা, রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও জনসাধারণের দৈনন্দিন নানা সমস্যার সমাধান। এসব বিষয়ে মানুষের কথা শোনা এবং এলাকার বাস্তব চাহিদাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি নির্বাচনকেন্দ্রিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
এ বিষয়ে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম মিন্টু বলেন, “শেরপুরের প্রতিটি মানুষের কথা ভাবতে চাই। মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। শেরপুরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে স্বপ্নের শেরপুরকে আরও সুন্দর করে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণে কাজ করা। সকল শ্রেণি পেশার মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও প্রয়োজনগুলো বুঝে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। এলাকার উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না রেখে সবার জন্য কাজ করার প্রত্যয় রয়েছে।”
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেরপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে মেয়র প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম মিন্টুর নামই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। তার বক্তব্যে জনসেবা, নাগরিক প্রত্যাশা ও উন্নয়নের বিষয়গুলো বারবার উঠে এসেছে।
মতামত