সাংবাদিকতা করে কিন্তু বিত্তবান হওয়া যায় না। সাংবাদিকতা যে একটি মজা, সাংবাদিকতার যে একটি মেসেজ, সাংবাদিকতার যে উপকার - এটি সাধারণ মানুষ বা অন্যান্য যারাই পায়, তারা যে শ্রেণি-পেশারই মানুষ হোক, তখন কিন্তু আমাদের ভালো লাগে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এ নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর কালাম আজাদ বলেন, আমরা গণতান্ত্রিক উপায়ে সংগঠনগুলো পরিচালনা করতে চাই। আমরা ইচ্ছে করলে একটা সিলেকশন কমিটি করে দিতে পারতাম। কিন্তু আমরা সেটির দিকে যাইনি। গণতন্ত্রে যে সুফল এখন দেশে চলছে, আমরা চেয়েছি সেটি যেন অব্যাহত থাকে।
তিনি বলেন, যারা আজকে সারাদিন পরিশ্রম করেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং যারা প্রার্থী ছিলেন, যারা বিজয়ী হয়েছেন, বিজীত সবাইকে অভিনন্দন জানাই। গণতন্ত্রের এটি একটি সৌন্দর্য। জয়-পরাজয় থাকবেই।
পরাজিতদের উদ্দেশে আহ্বান জানিয়ে কালাম আজাদ বলেন, যারা পরাজিত হয়েছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আগামীতে নির্বাচন করার জন্য তারা যেন আরও বেশি প্রস্তুতি নিয়ে আসেন।
নির্বাচিতদের উদ্দেশেও আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বকারী হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, তাদের কাছেও আমার একটি আহ্বান থাকবে। সাংবাদিকতা করে কিন্তু বিত্তবান হওয়া যায় না। সাংবাদিকতা যে একটি মজা, সাংবাদিকতার যে একটি মেসেজ, সাংবাদিকতার যে উপকার - এটি সাধারণ মানুষ বা অন্যান্য যারাই পায়, তারা যে শ্রেণি-পেশারই মানুষ হোক, তখন কিন্তু আমাদের ভালো লাগে।
কালাম আজাদ বলেন, আমরা হয়তো একটি তথ্য অনেক কষ্ট করে সংগ্রহ করি এবং সেটি জনগণের মাঝে ছড়িয়ে দিই বা জনগণের সামনে নিয়ে আসি। এটি আমাদের জন্য কষ্টকর হলেও দিনশেষে কিন্তু আমরা সত্যিই ভালো থাকি বা আমাদের আনন্দ দেয় যে, আমরা মানুষের জন্য কিছু করতে পেরেছি। অতএব, বগুড়ার ইতিহাস-ঐতিহ্য রক্ষায় এবং যাতে করে বগুড়ার সুনাম অক্ষুণ্ন থাকে, সেই প্রত্যাশা যেন আমাদের সবারই থাকে এবং নতুন কমিটির প্রতিও আমাদের একটি প্রত্যাশা থাকবে।
মতামত