মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে খেলাধুলার ওপর গুরুত্ব
রংপুর জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে এ খেলা ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ দেশের অন্যতম বড় শক্তি। তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখা গেলে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
তিনি বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চ্যাম্পিয়নশিপে রংপুর জেলার আটটি থানার দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের প্রথম খেলায় কাউনিয়া থানা ও রংপুর সদর কোতোয়ালি থানা মুখোমুখি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আবু রায়হানসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা।
রংপুর জেলা পুলিশ জানিয়েছে, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মতামত