মফস্বলের সাংবাদিকরা নানা সীমাবদ্ধতার মধ্যেও মাঠপর্যায়ে কাজ করেন বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। অপ-সাংবাদিকতা প্রতিরোধে সোচ্চার থাকার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার তাগিদ দেন।
তিনি বলেছেন, পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল কাজ করছে। পেশাদার সাংবাদিকতার কর্মপরিবেশ আরও শক্তিশালী হবে। সহযোগিতা ছাড়া প্রেস কাউন্সিলের কার্যক্রম কার্যকর করা সম্ভব নয়। ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউস কনফারেন্স রুমে সাংবাদিকদের কর্মশালা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
গণমাধ্যমে অপপ্রচার, অপ-সাংবাদিকতা প্রতিরোধসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক কর্মশালা আয়োজন করে প্রেস কাউন্সিল। বগুড়ার ৪০জন সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিল সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। কর্মশালায় অপ-সাংবাদিকতা, নৈতিকতা (এথিক্স) ও আইনগত বিষয়ে আলোচনা করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ, পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সমস্যা, সম্ভাবনা, পেশাগত উন্নয়নসহ গুরুত্বপূর্ণ পরামর্শ দেন সংশ্লিষ্টরা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান, বগুড়া প্রেসক্লাব সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, মির্জা সেলিম রেজা, সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ।
মতামত