জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে উৎসবমুখর পরিবেশে রচনা, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে সৃজনশীলতা ও প্রতিভার মিলনমেলা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।এ সময় বক্তব্য দেন তাড়াইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী,উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন এবং তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা নজরুলের সাহিত্যকর্মে ফুটে ওঠা সাম্য,মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন,নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা ও ভালোবাসারও কবি। তাঁর সাহিত্য নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
আলোচনা পর্ব শেষে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, রচনা লেখা, নজরুলসংগীত ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার, সনদ ও বই তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণের সময় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি পুরস্কার অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়।
শিক্ষক ও অভিভাবকরাও বলেন, পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকশিত হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন,নজরুল ছিলেন সাম্য,মানবতা ও বিদ্রোহের কবি। নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন। শিক্ষার্থীরা নজরুলকে পড়বে, জানবে এবং তাঁর আদর্শ ধারণ করবে—এটাই আমাদের প্রত্যাশা।তিনি বলেন,শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য,সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এতে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।বিদ্রোহী কবির সাম্য,মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় তাড়াইলে নজরুল জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ উদযাপনের এ আয়োজন।
মতামত