যশোরের মণিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চুরি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিস্তার প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ। দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিট অফিসার মিলন মোল্যা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আবু সাঈদ বলেন, কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ শুধু একটি পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়; এগুলো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও বন্ধুত্বপূর্ণ নজরদারি রাখতে হবে। কিশোর-কিশোরীদের সঙ্গে অভিভাবকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা কোনো সমস্যায় পড়লে তা সহজেই পরিবারের সদস্যদের জানাতে পারে।
ওসি আরও বলেন, শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে ভয় বা সংকোচের কারণে তা গোপন না করে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। সময়মতো তথ্য পাওয়া গেলে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব।
তিনি মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, সন্ত্রাস ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে তরুণ ও কিশোরদের খেলাধুলা, শিক্ষা এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, কিশোর অপরাধের পেছনে পারিবারিক অসচেতনতা, খারাপ সঙ্গ, মাদকাসক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারসহ বিভিন্ন বিষয় ভূমিকা রাখতে পারে। এসব বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার কমানো সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার সেকেন্ড অফিসার মানিক কুমার সাহা, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আজিজ, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী এবং স্থানীয় সুধীজন।



মতামত