দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, মামলা-হামলা ও কারাবরণের অভিজ্ঞতা—সব মিলিয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় উঠে এসেছে ছাত্রদল নেতা মোঃ সোহাগ সিকদারের নাম। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এই তরুণ নেতা এবার সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন—এমন আলোচনা চলছে তাঁর রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে।
২০০১ সাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সোহাগ সিকদার। ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় বলে জানান তিনি।
২০০৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে ৩.৯৪ জিপিএ নিয়ে এসএসসি পাস করেন সোহাগ। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন সরকারি তিতুমীর কলেজে। ঢাকায় এসে বিএনপির আদর্শে বিশ্বাসী তরুণদের নিয়ে গড়ে তোলেন জাতীয়তাবাদী বন্ধু দল। তাঁর দাবি, সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা অংশ নেন এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ছিলেন।
তিতুমীর কলেজ ছাত্রদলে সক্রিয়তা
২০১৩-১৪ সালের দিকে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন সোহাগ সিকদার। এরপর ধারাবাহিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে ২০১৭ সালে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
তবে রাজনৈতিক পথচলা তাঁর জন্য সবসময় মসৃণ ছিল না। নিজের ও পরিবারের ওপর হামলা, মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির মুখোমুখি হওয়ার দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের সময় ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে অবস্থান নেওয়া এবং ২০১৮ সালের আন্দোলন-সংগ্রামেও সক্রিয় থাকার কথা জানান সোহাগ।
আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে
২০২২ সালে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের ৬নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সোহাগ সিকদার। এরপর আওয়ামী লীগবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের দাবি করেন তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ, ২০২৩ সালের ২৯ জুলাইয়ের কর্মসূচি, গোলাপবাগের মহাসমাবেশকে ঘিরে প্রস্তুতি এবং ২৮ অক্টোবরের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনের সারিতে ছিলেন।
২৮ অক্টোবরের আন্দোলনের পর আত্মগোপনে থাকা অবস্থায় অসহযোগ আন্দোলন সফল করার প্রচেষ্টাকালে সিটিটিসির হাতে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়ার দাবি করেন সোহাগ। তাঁর দাবি, দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও শারীরিক নির্যাতনের পর প্রায় ২ মাস ১০ দিন কারাভোগ করেন তিনি।
কারামুক্তির পরও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াননি বলে জানান সোহাগ। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই আন্দোলনেও রাজপথে সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়ার দাবি করেন তিনি।
যুগ্ম আহ্বায়ক থেকে সভাপতি পদে আলোচনায়
পরবর্তীতে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সোহাগ সিকদার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন আন্দোলন-কর্মসূচিতেও সক্রিয় থাকার কথা জানান তিনি।
বর্তমানে বিএনপি সরকার গঠন করলেও রাজনৈতিক প্রতিকূলতা ও ষড়যন্ত্র থেমে যায়নি বলে দাবি করেন সোহাগ। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এসব প্রতিহত করতে মাঠে থাকার কথাও জানান তিনি।
রাজনীতির কারণে ব্যক্তিগত জীবনেও নানা ক্ষতির মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন এই ছাত্রদল নেতা। সোহাগ সিকদারের ভাষায়, “বিএনপির রাজনীতি করার কারণে আজ আমার বাবা চাকরি হারিয়েছেন। তারপরও আদর্শ থেকে সরে যাইনি, রাজপথ ছাড়িনি।”
দীর্ঘ রাজনৈতিক পথচলায় যেসব দায়িত্বে
মোঃ সোহাগ সিকদারের রাজনৈতিক পরিচয়ের মধ্যে রয়েছে—
- সাবেক ধর্মবিষয়ক সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল
- ৬নং যুগ্ম সাধারণ সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল
- যুগ্ম আহ্বায়ক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল
- ছাত্রবিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী বন্ধু দল কেন্দ্রীয় কমিটি
- আহ্বায়ক, বরিশাল জেলা জাতীয়তাবাদী বন্ধু দল
দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, হামলা, কারাবরণ ও পারিবারিক ক্ষতির নানা অভিজ্ঞতার মধ্য দিয়েও জাতীয়তাবাদী রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখার দাবি করেন সোহাগ সিকদার।
এদিকে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হওয়ায় তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা বিবেচনায় সভাপতি পদে তাঁর নামও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
সোহাগ সিকদারের রাজনৈতিক দর্শনের সারকথা—
“পদ নয়, আদর্শ; সুবিধা নয়, সংগ্রাম; প্রতিকূলতা নয়, রাজপথ।”
মতামত