সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি পেয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম। টানা পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৬-এর কার্যক্রম মূল্যায়ন করা হয়। এতে জেলার থানাগুলোর মধ্যে সার্বিক কার্যক্রম বিবেচনায় সুনামগঞ্জ সদর মডেল থানাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওসি রতন শেখের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়িত্ব নেওয়ার পর গত ১০ মাসে রতন শেখের নেতৃত্বে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১ হাজার ৩৯৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৮৯ জন মাদক ব্যবসায়ী, ৩৪ জন চোরাকারবারি ও ৩৬ জন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি রয়েছেন।
দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ লেনদেন কিংবা ঘুষসংক্রান্ত কোনো অভিযোগ ওঠেনি বলেও উল্লেখ করা হয়েছে।
সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় ওসি রতন শেখ পিপিএম বলেন, এই অর্জন শুধু তাঁর একার নয়; সদর থানা পুলিশের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। দায়িত্ব পালনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সাংবাদিকদেরও ধন্যবাদ জানান। তাঁদের লেখনীর মাধ্যমে পুলিশের কার্যক্রম ও বিভিন্ন তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় বলেও মন্তব্য করেন তিনি।
সুনামগঞ্জ সদর থানার কার্যক্রমে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ওসি রতন শেখ।
মতামত