গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাজনৈতিক স্লোগানসংবলিত পোস্টার লাগানোর সময় লিটন মন্ডল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়।
আটক লিটন মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে।
জানা গেছে, পোস্টারটিতে ‘জয় বাংলা’, ‘আল্লাহ সর্বশক্তিমান’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গং-এর ফাঁসি চাই’ লেখা রয়েছে। পোস্টারে ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজন ব্যক্তির ছবি এবং ফাঁসির দড়ির প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারের নিচে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ লেখা রয়েছে।
পোস্টার লাগানোর সময় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ ওই যুবককে আটক করেন বলে জানা গেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয় বলেও জানানো হয়েছে।
তবে পোস্টারটি কারা তৈরি করেছে, কার নির্দেশে তা লাগানো হচ্ছিল এবং আটক যুবকের কাছে ধারালো ছুরি থাকার কারণ কী-এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পোস্টারে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ লেখা থাকলেও এটি ওই সংগঠনের অনুমোদিত কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত