বাল্যবিয়ের শৃঙ্খল ভেঙে শিক্ষা,সাহস ও সম্ভাবনার ডানায় বিশ্বজয়ের স্বপ্ন দেখুক প্রতিটি কন্যাশিশু।এমন প্রত্যয়ে কিশোরগঞ্জের তাড়াইলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬। ‘শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে সোমবার (১২ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার বলেন,কন্যাশিশুরা সমাজের বোঝা নয়,তারা দেশের সম্পদ।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি তাড়াইল সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ও শিক্ষক, এনজিওকর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও তানজিলা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন,কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশের মূল্যবান সম্পদ। তাদের যথাযথ শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুদের জন্য বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান অপু,গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী জাকিরুল ইসলাম বাকী, রাউতি ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা খানম ।
এ ছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর সম্ভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সমানভাবে অবদান রাখতে পারবে।
মতামত