ফরিদপুরের বোয়ালমারীতে বারাশিয়া নদীর ওপর একটি পাকা সেতু না থাকায় দুই ইউনিয়নের নয় গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের উদ্যোগে তৈরি বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে তাদের। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের প্রতিদিনই পড়তে হচ্ছে ভোগান্তিতে। মাত্র একটি সেতুর অভাবে অনেককে বিকল্প পথে অতিরিক্ত প্রায় তিন কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের ফুলতলা ঈদগাহসংলগ্ন বারাশিয়া নদীর ওপর রয়েছে বাঁশের সাঁকোটি। এটি ব্যবহার করে চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর, শুকদেবনগর, রামদেবনগর ও আরাজী বাইখীর এবং গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা, ধোপাপাড়া, দরিহরিহরনগর, চাপলডাঙা ও গুনবহা গুচ্ছগ্রামের মানুষ যাতায়াত করেন। নদীর দুই পাড়ের এসব গ্রামের মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাসহ নানা প্রয়োজনে সাঁকোটির ওপর নির্ভর করতে হয়।
নদীর পূর্ব পাশে চতুল ইউনিয়নের গ্রামগুলোর বাসিন্দাদের ব্যবসা-বাণিজ্য, আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত ও শিক্ষার প্রয়োজনে নদী পার হতে হয়। একইভাবে পশ্চিম পাশের গুনবহা ইউনিয়নের বাসিন্দাদেরও বিভিন্ন প্রয়োজনে নদীর অপর প্রান্তে যেতে হয়। কিন্তু সেখানে স্থায়ী সেতু না থাকায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। নদীতে পানি বাড়লে বাঁশের সাঁকো দিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নড়বড়ে সাঁকো পার হতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাটিতে শিক্ষার্থীদের দুর্ভোগও কম নয়। নদীর এক পাশে রয়েছে শুকদেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্য পাশে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়। দুই পাড়ের শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সাঁকোটি ব্যবহার করতে হয়। প্রতিদিন সন্তানদের ঝুঁকি নিয়ে নদী পার হতে দেখে উদ্বিগ্ন থাকেন অভিভাবকেরা। বর্ষায় পানির প্রবাহ বেড়ে গেলে এবং সাঁকো নড়বড়ে হয়ে পড়লে এই উদ্বেগ আরও বাড়ে।
বছরের পর বছর ধরে স্থায়ী সেতু নির্মিত না হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই বাঁশ ও খুঁটি দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করছেন। কিন্তু প্রতিবছর সাঁকো তৈরি ও মেরামতে অর্থ ব্যয় করতে হলেও তা দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারছে না। স্থানীয়দের দাবি, জালিয়াডাঙ্গা ফুলতলা ঈদগাহসংলগ্ন স্থানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে দুই ইউনিয়নের নয় গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক যোগাযোগ সহজ হবে।
জালিয়াডাঙ্গা গ্রামের ব্যবসায়ী শিহাব মোল্যা বলেন, প্রতি বছর নিজেদের খরচে বাঁশের সাঁকো তৈরি করতে হয়। বর্ষা মৌসুমে নদীতে পানি থইথই করে। তখন নড়বড়ে সাঁকো পার হতে ভয় লাগে। জালিয়াডাঙ্গা ফুলতলা ঈদগাহসংলগ্ন স্থানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে নয় গ্রামের মানুষ উপকৃত হবেন।
একই গ্রামের আ. আলীম মোল্যা বলেন, বাঁশের সেতুটি এখন দুর্বল কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়েই এটি পার হতে হয়। যেকোনো সময় সাঁকোটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।
স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন বলেন, শুধু একটি সেতুর অভাবে গ্রামগুলো যেন বিচ্ছিন্ন হয়ে আছে। প্রায় ১২০ মিটার দীর্ঘ একটি পাকা সেতু পার হতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড। অথচ সেতু না থাকায় বাইখীর চৌরাস্তা ঘুরে বাজারে যেতে অতিরিক্ত তিন কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। জনদুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান তিনি।
চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সেতুটি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। উপজেলার বিভিন্ন উন্নয়নবিষয়ক সভায় বিষয়টি তুলে ধরেছেন তিনি। উপজেলা প্রকৌশলীও সেতুটির বিষয়টি বিবেচনায় রেখেছেন। সেতুটি নির্মিত হলে স্থানীয় জনগণ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। আঞ্চলিক মহাসড়কের বাইখীর ক্লাবঘর থেকে শুকদেবনগর হয়ে জালিয়াডাঙ্গা সড়কের শেষ প্রান্তে সেতুটি নির্মাণ করা প্রয়োজন।
উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা বলেন, ১০০ মিটারের কম দৈর্ঘ্যের সেতু হলে বর্তমান চলমান প্রকল্পে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল। কিন্তু প্রস্তাবিত সেতুটির দৈর্ঘ্য ১০০ মিটারের বেশি হওয়ায় ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হলে অগ্রাধিকার ভিত্তিতে সেতুটি প্রকল্পে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।
দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে এলাকাবাসী দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ চান। সেতুটি নির্মিত হলে দুই ইউনিয়নের নয় গ্রামের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ চলাচল, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পারস্পরিক যোগাযোগ বাড়বে। তাই প্রকল্পে অন্তর্ভুক্তির অপেক্ষায় না রেখে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও অর্থায়নের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
মতামত