শারদীয় দুর্গাপূজা ২০২৬ আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নোয়াখালী জেলায় পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলার ১৯১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার-ভিডিপি, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে জেলা পুলিশের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে যাচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা (মিডিয়া) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা পুলিশের গৃহীত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দলের সঙ্গে হোন্ডা মোবাইল টিম, স্ট্রাইকিং পার্টি ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে। পূজামণ্ডপগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। প্রতিটি মণ্ডপে ৮ থেকে ১০ সদস্যের আনসার-ভিডিপি দল এবং প্রয়োজন অনুযায়ী গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র্যাবের টহল দল ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিনরাত দায়িত্ব পালন করছে।
প্রতিটি পূজামণ্ডপে নারী-পুরুষের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণে আলাদা স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। পাশাপাশি সর্বদলীয় ও সর্বধর্মীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে মণ্ডপভিত্তিক নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন করছেন।
সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গুরুত্ব
নিরাপত্তার অংশ হিসেবে প্রায় প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা এবং বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যবস্থা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনো মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
দুর্গাপূজার দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নির্ধারিত রুট ও সময়সীমা অনুসরণের জন্য সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়া পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দেবেন।
এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে আজান ও নামাজের সময় পূজামণ্ডপসংলগ্ন এলাকায় সাউন্ড সিস্টেম ও মাইকের ব্যবহার বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। পূজাকেন্দ্রিক আতশবাজি ও পটকা ফোটানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, নোয়াখালীতে সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও নির্বিঘ্নে উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের সুবিধার্থে প্রতিটি পূজামণ্ডপের দৃশ্যমান স্থানে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর সংযুক্ত করা হয়েছে।
জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নোয়াখালী জেলা পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০-১১১৮৯৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মতামত