সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কৃপেশ রায় (৪০) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযুক্ত কৃপেশ রায় রাজারগাঁও গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে। গত রোববার (২৫ অক্টোবর) তাঁর নামে পরিচালিত ‘Kripash Ray’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃপেশ রায়। তাঁর দাবি, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁর চাচাতো ভাই পন্টি রায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। এ ঘটনায় আইনি সুরক্ষা চেয়ে সোমবার (২৬ অক্টোবর) সকালে তিনি তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, কৃপেশ রায় ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ তুলে থানায় জিডি করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখতে হবে এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।
তিনি আরও বলেন, এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো মন্দির বা বাসাবাড়িতে হামলা কিংবা ক্ষয়ক্ষতি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা ক্ষতির শিকার না হন এবং দোষী প্রমাণিত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, তা নিশ্চিত করা জরুরি।
মতামত