বান্দরবানের আলীকদমে জুমক্ষেতে কাজ করার সময় বন্য শুকরের আক্রমণে আহত দুই ম্রো চাষীর চিকিৎসার দায়িত্বে সহযোগিতার হাত বাড়িয়েছে সেনাবাহিনী। আহতদের চিকিৎসা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে আলীকদম সেনা জোন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সেনা জোনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচ মেটাতে আর্থিক সহায়তা দেওয়া হয়।
আহত দুই ব্যক্তি হলেন কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকার মৃত মেনরাই মুরোর ছেলে নিয়াচং মুরো (নিরাচং মুরো) ও চংরাই মুরোর ছেলে নুরিইক মুরো।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাইপাড়া এলাকায় জুমচাষের কাজে ব্যস্ত ছিলেন তারা। এ সময় হঠাৎ বন্য শুকরের আক্রমণে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত হওয়ার খবর পাওয়ার পর আলীকদম সেনা জোন তাদের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সেনা জোনের উদ্যোগে চমেক হাসপাতালে দ্রুত চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে।
চিকিৎসকের তথ্য অনুযায়ী, বর্তমানে দুজনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত। তবে একজনের হাতের হাড় ভেঙে যাওয়ায় তার চিকিৎসা এখনো চলমান রয়েছে।
সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত ও পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম জনপদের মানুষের দুর্দিনে সহযোগিতা করাও সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও বিপদে-আপদে পাশে থাকার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত