মণিরামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তুলশী বসু আর নেই। শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি পরিবার সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, স্ট্রোকজনিত সমস্যায় কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তুলশী বসু মণিরামপুর বাজার বণিক সমিতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মণিরামপুর বাজার বণিক সমিতি, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাব, মণিরামপুর উপজেলা বিএনপি, মণিরামপুর পূজা উদযাপন পরিষদ ও ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা।
শনিবার বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ নিজ বাসভবন তাহেরপুরে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো তাঁকে দেখতে বাড়িতে ছুটে যান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশিষ্টজনেরা।
পরে তাহেরপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
মতামত