গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় বিভিন্ন ছাত্রসংগঠন, জেলা কল্যাণ সমিতি এবং সামাজিক সংগঠন তথ্য সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) চালু করেছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলাসংলগ্ন এলাকায় স্থাপিত এসব হেল্প ডেস্কে স্বেচ্ছাসেবকরা ভর্তি-সংক্রান্ত তথ্য, বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক দপ্তরের অবস্থান, ক্যাম্পাস পরিচিতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ ও নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক সেবা দিচ্ছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) পিয়াস আহমেদ রিফাত বলেন, "দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভর্তি-সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে তাদের ভোগান্তি কমিয়ে সহজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করা হচ্ছে।" ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পান, সে লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভর্তি, বিভাগ, আবাসন, ক্যাম্পাস পরিচিতিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।" একই সঙ্গে তিনি একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও মূল্যবোধসম্পন্ন ক্যাম্পাস গঠনে নবীনদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা জানান, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত হেল্প ডেস্কগুলো চালু থাকবে। এছাড়া বিভিন্ন জেলা কল্যাণ সমিতি ও অন্যান্য সক্রিয় সংগঠনও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে।
মতামত