গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ২৫ বছর পূর্ণ করে রজত জয়ন্তীতে পদার্পণ করলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । কোয়ার্টার সেঞ্চুরির এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ ও 'বিশ্ববিদ্যালয় দিবস- ২০২৬' কে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ নেয় ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,গোবিপ্রবি শাখা’ । আজ ৮ই জুলাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নাম্বার কক্ষে সংগঠনটির উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা, অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো।
আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয় দিবস ও রজত জয়ন্তীকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো। তারই ধারাবাহিকতায় তরুণ কলাম লেখক ফোরামের এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ঐতিহাসিক রজত জয়ন্তী ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ।
উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য মহোদয় অধ্যাপক ড. সোহেল হাসান। তরুণদের চিন্তাশীলতা ও সমাজ গঠনে কলাম লেখার গুরুত্ব এবং সৃজনশীলতা চর্চায় অনুপ্রাণিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের একঝাঁক প্রথিতযশা শিক্ষক উপস্থিত থেকে অনুষ্ঠানটির মর্যাদা বহুলাংশে বাড়িয়ে দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: ড. রাজিউর রহমান (শিক্ষক, আইন বিভাগ), ড. এস এম আহসান সৌরভ ( শিক্ষক, কৃষি বিভাগ), ড. আবু সালেহ (শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ),জনাব রাকিবুল হাসান (শিক্ষক, অর্থনীতি বিভাগ),জনাব মো. আরিফুল ইসলাম (শিক্ষক, কৃষি বিভাগ), জনাব গাজী মুজাহিদুল ইসলাম ( শিক্ষক, ইতিহাস বিভাগ) এবং জনাব আব্দুল্লাহ বিন কাইজার (শিক্ষক,পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ)।
আলোচনায় শিক্ষকবৃন্দ তরুণদের মননশীলতার প্রশংসা করেন এবং সমসাময়িক পরিবেশ, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে শিক্ষার্থীদের আরও বেশি লেখার আহ্বান জানান।
পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী ছিলো অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তীকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অতীত এবং ভবিষ্যৎ প্রত্যাশার রূপরেখা নিয়ে তাদের বাগ্মিতা প্রদর্শন করেন। অত্যন্ত নিখুঁত ও যুক্তিপূর্ণ উপস্থাপনা উপস্থিত বিচারক ও দর্শকদের মুগ্ধ করেছে।
প্রতিযোগিতা শেষে প্রধান আলোচক উপ- উপাচার্য মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি জনাব মুহম্মদ সজীব প্রধান। তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে এই আয়োজনের প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেন।
সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার সভাপতি মো. ইমন হোসেন । তিনি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তরুণদের মেধা বিকাশ ও সমাজ পরিবর্তনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সবসময় কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক রজত জয়ন্তীতে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে Beyond Academics.
আমন্ত্রিত অতিথিদের স্মৃতিচারণ, শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণ এবং একঝাঁক তরুণ বক্তার মেধার জয়গানের মধ্য দিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার অন্যতম সফল একটি দিন হিসেবে এই আয়োজনটি সমাপ্ত হয়।
মতামত