দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের একমাত্র আবাসিক হল কবি জীবনানন্দ দাস হোস্টেল। দূর-দূরান্ত থেকে আসা মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী স্বল্প খরচে থাকা ও লেখাপড়ার আশায় এই হোস্টেলে সিট নেন। তবে বর্তমানে হোস্টেলটির ডাইনিং ব্যবস্থা, মানহীন খাবার এবং অছাত্রদের দখলকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেলের ডাইনিং চালুর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ নয়; বরং কতিপয় অছাত্র ও সাবেক সিনিয়রদের আর্থিক স্বার্থ রক্ষা। তাদের দাবি, কিছু সিনিয়রের অর্থনৈতিক প্রয়োজন দেখা দিলেই ডাইনিং চালুর উদ্যোগ নেওয়া হয়। নামমাত্র একটি বৈঠক করে নিজেদের পছন্দের ব্যক্তিকে ডাইনিং ম্যানেজার নিয়োগ দেওয়া হয়। এরপর হোস্টেলে অবস্থান করতে হলে ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক করা হয়। এতে শিক্ষার্থীদের স্বাধীনভাবে খাবারের ব্যবস্থা করার সুযোগও সীমিত হয়ে পড়ে। রাজনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।
হোস্টেলের শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন দুপুরের খাবার নির্ধারিত সময়ের পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার আগে পরিবেশন করা হয় না। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ও স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
খাবারের মান নিয়েও রয়েছে ব্যাপক অসন্তোষ। অভিযোগ অনুযায়ী, মাংসের দিনে অল্প পরিমাণ মাংসকে ছোট ছোট টুকরো করে দেওয়া হয়, অনেক সময় শুধু আলু ও ঝোলই জোটে। মাছের দিনে পরিবেশন করা হয় কমদামি পাঙ্গাস মাছ, যার সঙ্গে গাঁটি কচু, মূলা কিংবা পেঁপে মিশিয়ে অল্প তেল-মসলা দিয়ে রান্না করা হয়। রাতের খাবারে থাকে নিম্নমানের মিশ্র সবজির তরকারি, যা অনেক শিক্ষার্থীর ভাষায় "পানি দিয়ে সেদ্ধ করা" খাবারের মতো।
মিল চার্জ পরিশোধের পর অধিকাংশ শিক্ষার্থীর বাইরে থেকে পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য থাকে না। ফলে বাধ্য হয়ে নিম্নমানের খাবার খেয়ে অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে অভিযোগ করেন।
এসব অভিযোগের বিষয়ে কবি জীবনানন্দ দাস হোস্টেলের তত্ত্বাবধায়ক উজ্জ্বল কুমার পাল বলেন,
"মাত্র ৮০ টাকায় তিন বেলা খাবার দেওয়া হয়। এত কম টাকায় শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ পুষ্টিকর খাবার সরবরাহ করা কঠিন। একই টাকার মধ্যেই রান্নার জ্বালানি ব্যয়ও বহন করতে হয়।"
তিনি আরও জানান, বর্তমানে হোস্টেলে প্রায় ১২০ থেকে ১৩০ জন শিক্ষার্থী নিয়মিত অবস্থান করছেন। ডাইনিং সচল রাখার স্বার্থেই শিক্ষার্থীদের ডাইনিংয়ে খাবার গ্রহণে উৎসাহিত করা হয়। অন্যথায় ডাইনিং পরিচালনা কঠিন হয়ে পড়বে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, মাস্টার্স সম্পন্ন করার তিন থেকে চার বছর পরও অনেক অছাত্র অবৈধভাবে হোস্টেলের কক্ষ দখল করে রয়েছেন। শুধু তাই নয়, হোস্টেলের পুকুরে মাছ চাষ, আঙিনায় শাক-সবজি উৎপাদন করে ব্যক্তিগত কাজে ব্যবহার বা পরিচিতদের বাড়িতে পাঠানো এবং ডাইনিংয়ে বিনামূল্যে খাবার গ্রহণের মতো নানা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
শিক্ষার্থীদের দাবি, বর্তমান ডাইনিং ম্যানেজাররাও এই প্রভাবশালী সিন্ডিকেটের চাপের মুখে কার্যত অসহায়।
এ বিষয়ে তত্ত্বাবধায়ক উজ্জ্বল কুমার পাল বলেন,
"হ্যাঁ, কয়েকজনের ছাত্রত্ব শেষ হলেও তারা এখনও হোস্টেলে অবস্থান করছেন। তাদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কেউ কেউ চাকরির প্রস্তুতি নেওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে সময় দেওয়া হয়েছে। তবে কয়েকজন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক হোস্টেলে অবস্থান করছেন।"
ডাইনিং ব্যবস্থাপনার অনিয়ম, অছাত্রদের অবৈধ অবস্থান এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগের বিষয়ে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম-এর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের দাবি:
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের নীরবতা ও তত্ত্বাবধায়কের সীমিত সক্ষমতার সুযোগ নিয়ে অছাত্রদের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে হোস্টেলের পরিবেশ নিয়ন্ত্রণ করছে। তারা অবিলম্বে ডাইনিং ব্যবস্থার সংস্কার, খাবারের মানোন্নয়ন, অবৈধভাবে অবস্থানকারী অছাত্রদের উচ্ছেদ এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু আবাসিক পরিবেশ নিশ্চিত করতে কলেজ প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন।
মতামত