প্রকৃতিকে আমরা প্রায়ই সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখি। সবুজ বন, রঙিন ফুল, পাখির গান কিংবা প্রজাপতির ডানায় আঁকা রঙের কারুকাজ। কিন্তু এই একই প্রকৃতির আরেকটি রূপ আছে, যেখানে টিকে থাকার লড়াইয়ে দয়া, করুণা কিংবা নৈতিকতার কোনো স্থান নেই। সেখানে প্রতিটি শ্বাস, প্রতিটি শিকার এবং প্রতিটি মৃত্যু বিবর্তনের নির্মম নিয়মে বাঁধা।
সেই নির্মম বাস্তবতার অন্যতম ভয়ংকর চরিত্র হলো পান্না বোলতা,যাকে অনেকেই রত্ন বোলতা বা রঙিন কাচপোকা নামেও চেনেন। ক্ষুদ্র এই বোলতা তার শিকারকে সরাসরি হত্যা করে না; বরং কেড়ে নেয় তার স্বাধীন ইচ্ছাশক্তি। এমন এক স্নায়ুবিষ (নিউরোটক্সিন) ব্যবহার করে, যা শিকারকে জীবন্ত রেখেই তাকে নিজের মৃত্যুর দিকে হাঁটতে বাধ্য করে। জীববিজ্ঞানের ভাষায় এটি প্যারাসিটয়েডিজম এর সবচেয়ে বিস্ময়কর এবং একই সঙ্গে সবচেয়ে ভয়ংকর উদাহরণ গুলোর একটি।
ভাবুন, আপনি সম্পূর্ণ সচেতন। আপনার হৃদস্পন্দন চলছে, পেশিগুলো সচল, চোখ সবকিছু দেখছে কিন্তু পালিয়ে যাওয়ার ইচ্ছাশক্তি আর নেই। সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, তবুও তাকে প্রতিহত করার মতো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ঠিক এমনই পরিণতি ঘটে একটি আরশোলার, যখন সে পান্না বোলতার শিকারে পরিণত হয়।
প্রথমে বোলতাটি আরশোলার বক্ষদেশে হুল ফুটিয়ে সাময়িকভাবে তাকে অবশ করে দেয়। এরপর দ্বিতীয় হুলটি অত্যন্ত নিখুঁতভাবে আরশোলার মস্তিষ্কের নির্দিষ্ট অংশে প্রবেশ করিয়ে এমন একটি স্নায়ুবিষ প্রয়োগ করে, যা তার পালিয়ে যাওয়ার প্রবৃত্তিকেই প্রায় সম্পূর্ণ নিস্তেজ করে দেয়। ফলে আরশোলা আর পালানোর চেষ্টা করে না, যদিও সে জীবিত এবং চলাফেরা করতে সক্ষম থাকে।
এরপর শুরু হয় এক নীরব মৃত্যুযাত্রা। নিজের চেয়ে কয়েক গুণ বড় আরশোলাটিকে বোলতাটি তার শুঁড় ধরে ধীরে ধীরে নিজের গর্তে নিয়ে যায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, আরশোলাটি কোনো প্রতিরোধ করে না,যেন মৃত্যুর আহ্বান সে নীরবে মেনে নিয়েছে।
গর্তে পৌঁছে বোলতাটি আরশোলার উদরের নিচের দিকে একটি ডিম পাড়ে এবং গর্তের মুখ মাটি, ছোট পাথর বা কাঠির টুকরো দিয়ে শক্তভাবে বন্ধ করে দেয়। কয়েক দিন পর সেই ডিম থেকে বের হওয়া ক্ষুদ্র লার্ভা জীবন্ত আরশোলার শরীর থেকেই খাদ্য গ্রহণ শুরু করে।
প্রথমে এটি আরশোলার শরীরের তরল অংশ থেকে খাদ্য গ্রহণ করে। পরে ধীরে ধীরে শরীরের ভেতরে প্রবেশ করে নরম টিস্যুগুলো খেতে শুরু করে। কিন্তু এখানেই লুকিয়ে আছে প্রকৃতির আরেক বিস্ময়। লার্ভাটি শুরুতেই হৃদ্পিণ্ড বা অন্যান্য অত্যাবশ্যক অঙ্গ খায় না বরং সেগুলো একেবারে শেষ পর্যন্ত অক্ষত রাখে, যাতে আরশোলাটি যত বেশি সময় সম্ভব জীবিত থাকে এবং লার্ভা দীর্ঘ সময় ধরে তাজা খাদ্য পায়।
অবশেষে আরশোলার শরীরের ভেতরেই লার্ভাটি পিউপা বা গুটি তৈরি করে। কয়েক সপ্তাহ পর সেই গুটি থেকে জন্ম নেয় একটি পূর্ণাঙ্গ পান্না বোলতা, যা মৃত আরশোলার খোলস ভেদ করে বাইরের পৃথিবীতে বেরিয়ে আসে। একটি জীবনের সমাপ্তিই তখন আরেকটি জীবনের সূচনা।
জীববিজ্ঞানের ভাষায় এটি প্যারাসিটয়েডিজম এবং নিউরো-প্যারাসিটোলজির অন্যতম আলোচিত উদাহরণ। এখানে শক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিখুঁত স্নায়ু নিয়ন্ত্রণ, রাসায়নিক অস্ত্রের ব্যবহার এবং লক্ষ লক্ষ বছরের বিবর্তনে অর্জিত আচরণগত দক্ষতা।
প্রকৃতির এই স্নায়বিক পরজীবী আচরণ একই সঙ্গে বিস্ময়কর, জটিল এবং নির্মম। এটি আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতির নিয়মে টিকে থাকার সংগ্রাম যেমন অনিবার্য, তেমনি সেই সংগ্রামের রূপ কখনো কখনো আমাদের কল্পনার সীমাকেও অতিক্রম করে। এখানে করুণার নয়, বিবর্তনের নিয়মই শেষ কথা।
মতামত