বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সোহা আর দেখে যেতে পারলেন না তার কাঙ্ক্ষিত অনার্স পরীক্ষার ফলাফল। আগামী সপ্তাহে ফল প্রকাশের কথা ছিল। সহপাঠী ও শিক্ষকদের প্রত্যাশা ছিল, তিনি ৩.৫০-এর বেশি সিজিপিএ অর্জন করে শিক্ষাজীবনের আরেকটি সাফল্য যোগ করবেন। কিন্তু সেই আনন্দের মুহূর্তের আগেই মৃত্যুর কাছে হার মানলেন এই মেধাবী শিক্ষার্থী।
শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ২৪ বছর। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
শিক্ষাজীবনে সুমাইয়া ছিলেন অত্যন্ত মেধাবী ও সক্রিয়। ক্লাসের বিভিন্ন একাডেমিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি প্রেজেন্টেশনেও তিনি দক্ষতার পরিচয় দিতেন। তার প্রজেক্ট সুপারভাইজার এবং পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞান বিভাগের শিক্ষক আহসানুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানান, সুমাইয়া তার প্রজেক্টের স্টুডেন্ট ছিলেন এবং ব্যাচের প্রেজেন্টেশনগুলোতে সবসময় সেরা পারফর্মার হতেন।
পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন পথচলা শুরু করেছিলেন সুমাইয়া। সংসার ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নানা স্বপ্ন বুনছিলেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিণতিতে সেই স্বপ্নগুলো অপূর্ণ রেখেই অকালেই পৃথিবী থেকে বিদায় নিলেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা জানান, সুমাইয়া ছিলেন হাস্যোজ্জ্বল, বন্ধুসুলভ ও সবার সঙ্গে সহজে মিশে যেতে পারা একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্বজনরা গভীরভাবে শোকাহত।
পরিবারের সদস্য ও সহপাঠীরা সুমাইয়ার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে, তার জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১১ জুলাই (শনিবার) সকাল ১০টায় পিরোজপুরের মঠবাড়িয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মতামত