বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দীন সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৯৩১ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণকারী ব্যারিস্টার জমির উদ্দীন সরকার বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের একজন বর্ষীয়ান ব্যক্তিত্ব ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের ১৯তম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার জমির উদ্দীন সরকার বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আইন, বিচার ও শিক্ষা মন্ত্রণালয়সহ মোট ছয়বার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন দেশের একজন প্রখ্যাত আইনজীবী। জীবনের শেষ সময় পর্যন্তও তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় সক্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মহান আল্লাহ তাআলা ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
মতামত