পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা, ম্যানেজিং কমিটি গঠন এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় কয়েকজন অভিভাবক ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, সরকারি বিধিমালা উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করছেন। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের পরিবর্তে আত্মীয়স্বজন ও পছন্দের ব্যক্তিদের সন্তানদের নাম দেখিয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিদ্যালয়ের নিচতলার মেঝের ইট, সরকারি বরাদ্দে পাওয়া সাবমার্সিবল মোটর পাম্প, পানির ট্যাংকি, বিভিন্ন যন্ত্রাংশ ও একটি স্ট্যান্ড ফ্যান আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের স্লিপ কমিটির বরাদ্দের অর্থ আংশিক কাজ করে অবশিষ্ট টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা প্রকাশ করা হয় না এবং ভর্তি রেজিস্টারও অভিভাবকদের দেখানো হয় না। এতে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে উপবৃত্তির অর্থ আত্মসাতের আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারীরা।
এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করা, এলাকায় বিভেদ সৃষ্টি এবং তাঁকে অন্যত্র বদলির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের স্বার্থে একজন যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ অথবা যোগ্য সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ারও আবেদন জানানো হয়েছে।
অভিযোগকারীরা বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামেকে মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।
মতামত