বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কবি সুফিয়া কামাল হলে দৈনিক মজুরি ভিত্তিক আয়া হিসেবে কর্মরত এক কর্মচারীকে অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটরের দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রয়োজনীয় কম্পিউটার পরিচালনার দক্ষতার অভাবে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। এতে হল অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটার পাশাপাশি অন্য কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ূন কবীরের স্বাক্ষরিত গত ১৬ জুনের এক অফিস আদেশে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ফাতেমা নুসরাতকে কবি সুফিয়া কামাল হলের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ দায়িত্ব পাওয়ার আগে তিনি আয়া হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকার অভিযোগও রয়েছে।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ১৬ জুন দায়িত্ব গ্রহণের পর থেকে ২ জুলাই পর্যন্ত তিনি মাত্র চার দিন অফিসে উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারীর দাবি, দায়িত্ব পাওয়ার পর একদিন তাকে কম্পিউটার চালু করতে বলা হলে তিনি তা সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। পরে কম্পিউটারের তথ্য নষ্ট হওয়ার আশঙ্কায় তাকে আর কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হয়নি। এর ফলে অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে ফাতেমা নুসরাত বলেন, "আমি কম্পিউটার চালাতে পারি।" তিনি আরও দাবি করেন, "তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে এবং একপক্ষীয়ভাবে সংবাদ প্রকাশের চেষ্টা চলছে।" অফিসে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আমি নিয়মিত অফিস করি, এখনও বিশ্ববিদ্যালয়ে আছি।" পরে সরাসরি সাক্ষাতের অনুরোধ জানানো হলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. মোনোয়ারা বেগম বলেন, "সে প্রোপারলি কাজ পারে না তাকে শিখতে বলা হয়েছে। তার যতটুকু যোগ্যতা থাকা দরকার সেটা নেই। তবে আমরা তাকে দিয়ে কাজ চালাচ্ছি। আমাদের যেহেতু জনবলের সংকট। আমি রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলেছি। আমরা আপাতত তাকে দিয়ে কাজ চালাবো। তাকে কাজ শিখে কাজ করতে বলা হয়েছে। যেহেতু উনি কাজ করতে পারে না এজন্য আমাদের অন্যদের কাজের একটু পেসার হচ্ছে। তবে আমাদের এই মুহুর্তে কিছু করার নেই। আমি ইতিমধ্যে ভিসি স্যার এবং রেজিস্ট্রার স্যারের সাথে এ বিষয়ে কথা বলেছি। একটা লোক পেলে তবেই তাকে পরিবর্তন করা সম্ভব হবে।"
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, "তিনি কম্পিউটার চালাতে পারে কি না পারে না সেটা হল কতৃপক্ষ বলবে। আপনি বলার তো কেউ না। এই বিষয়ে আপনি ভিসি স্যারকে বলেন তার অর্ডারে হয়েছে৷ এখানে আমার কোন ক্ষমতা নেই। তিনি পারে কি পারে না সেটা হল কতৃপক্ষ লিখত আকারে জানালে আমরা সেটা আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নিব।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন আর রশিদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
মতামত