পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ জালের উপকরণ, যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার নৌবাড়ীয়া নতুনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নতুনপাড়া গ্রামের মৃত অনিলের ছেলে মিলন (৩৬)-কে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে মিলনের কাছ থেকে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত উপকরণ ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই (নিঃ) মো. এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদী-খাল ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
মতামত