শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং বৈষম্যের অভিযোগ তুলে দিনাজপুরে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার পর দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেটে তারা এ কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের কিছু সিদ্ধান্তের কারণে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই তারা রেললাইনে অবস্থান নেন।
রেললাইন অবরোধের ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। পাশাপাশি সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগও বাড়ে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছিল এবং পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ অব্যাহত ছিল।
মতামত