কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন ভূমি অফিসে সেই নির্দেশনা মানা হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও বুধবার অফিসে তা অর্ধনমিত অবস্থায় দেখা যায়নি।
সরেজমিনে বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১টায় হাজিপুর বাজারের জিনারী ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসের সামনে জাতীয় পতাকা স্বাভাবিক অবস্থায়ই উত্তোলিত রয়েছে। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা বলেন, “রাষ্ট্রীয় শোক উপলক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা রয়েছে। মাঠ পর্যায়ে এমন অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে।”
জিনারী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবুল কালাম জোটন বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। ভুলবশত এমন হয়েছে। এখন নিয়ম মেনে পতাকা অর্ধনমিত করা হয়েছে।”
উল্লেখ্য, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সরকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দেয়। সরকারি নির্দেশনা অমান্যের ঘটনায় স্থানীয় সচেতন নাগরিকরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন
মতামত