২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন ও শ্রেণি কার্যক্রম বুধবার (১৫ জুলাই) শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। নতুন শিক্ষার্থীদের আগমনে দিনভর মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
নবীনদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের ২৩টি বিভাগ পৃথকভাবে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রথম বর্ষের নবীনরা অংশগ্রহণ করেন। পরে সংশ্লিষ্ট বিভাগগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়।
ওরিয়েন্টেশন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করেছ। বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন ও নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে এমন আচরণ করতে হবে, যাতে তোমাদের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম আরও বৃদ্ধি পায়।”
উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, দেশের কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। অর্জিত জ্ঞান সমাজ, দেশ ও মানবকল্যাণে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ক্যাম্পাসে র্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, কোনো ধরনের র্যাগিং বা হয়রানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
ওরিয়েন্টেশন শেষে সব বিভাগে নিয়মিত পাঠদান শুরু হয়। নবীনদের সরব উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
মতামত