ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আদিম যুগের নারীরা সারা জীবনে গড়ে মাত্র ১০০ বার পিরিয়ডের মুখোমুখি হতেন। কারণ তারা ঘন ঘন গর্ভবতী হতেন এবং দীর্ঘদিন সন্তানকে বুকের দুধ খাওয়াতেন, যার ফলে তাদের ডিম্বস্ফোটন বা ওভ্যুলেশন বছরের পর বছর বন্ধ থাকত। অথচ আজকের আধুনিক যুগের নারীদের জীবনে এই পিরিয়ডের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪০০ থেকে ৫০০ বারে। এই বিশাল পার্থক্যই নতুন এক চিন্তার খোরাক জুগিয়েছে চীনা জীববিজ্ঞানী ড. হংমেই ওয়াংয়ের মাথায়। তিনি প্রশ্ন তুলেছেন, বছরে যদি পিরিয়ড ১২ বারের বদলে মাত্র ৪ বার হয়, তবে কি নারীর ডিম্বাণু দীর্ঘকাল সংরক্ষণ করা সম্ভব?
চিকিৎসা বিজ্ঞান বলে, পুরুষদের মতো নারীদের শরীরে নতুন করে ডিম্বাণু তৈরি হয় না। প্রতিটি নারী জন্ম থেকেই একটা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে পৃথিবীতে আসেন। প্রতি মাসের মাসিক চক্রে এই রিজার্ভ থেকে ডিম্বাণু কমতে থাকে। ড. ওয়াংয়ের ধারণা, হরমোন বা চিকিৎসার মাধ্যমে যদি এই চক্রের সংখ্যা কমিয়ে আনা যায়, তবে ডিম্বাণুর ক্ষয়ও ধীর হবে এবং নারীর মা হওয়ার ক্ষমতা বা উর্বরতা বেশি বয়স পর্যন্ত টিকে থাকবে। তাঁর দল ইতিমধ্যে বানরের ডিম্বাশয়ে স্টেম সেল প্রতিস্থাপন করে একটি সুস্থ শাবক জন্ম দিতে সফল হয়েছে। এমনকি অকালে ডিম্বাশয় অকার্যকর হয়ে যাওয়া ৬৩ জন নারীর ওপর করা একটি ছোট ট্রায়ালে ৪ জন নারী সুস্থ সন্তান জন্ম দিয়েছেন।
তবে বিষয়টিকে ড. ওয়াং নিজেই খুব একটা সহজ করে দেখছেন না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-কে তিনি জানিয়েছেন, কৃত্রিমভাবে ডিম্বস্ফোটন বন্ধ রাখলে ডিম্বাণু হয়তো বাঁচানো যাবে, কিন্তু শরীরে ইস্ট্রোজেন হরমোন তৈরি হওয়াও বন্ধ হয়ে যাবে। আর এই ইস্ট্রোজেন নারীর হাড়, হৃদযন্ত্র ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত অপরিহার্য। ফলে পিরিয়ড জোর করে বন্ধ রাখলে শরীরে অন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
চীনে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এবং জনসংখ্যা দ্রুত বুড়িয়ে যাওয়ার কারণে এই গবেষণাকে দেশটির সরকার ও বিজ্ঞানমহল অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তবে আন্তর্জাতিক অনেক বিজ্ঞানী মনে করেন, শুধু পিরিয়ডের সংখ্যা কমালেই উর্বরতা ধরে রাখা যাবে—নারী শরীর আসলে এতটা সরল সমীকরণে চলে না। গবেষণাটি এখনো প্রাথমিক পরীক্ষাগারের স্তরেই রয়েছে, তাই এখনই এটিকে সাধারণ নারীদের জন্য বাস্তব কোনো চিকিৎসা পদ্ধতি হিসেবে ভাবার সুযোগ নেই।
মতামত