কিশোরগঞ্জের তাড়াইলের তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।যে কোনও সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্খা করছেন সেবাদাতা ও গ্রহিতারা।
ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। জন্ম ও মৃত্যু নিবন্ধন,নাগরিকত্ব সনদ,ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র,ট্রেড লাইসেন্স,ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রত্যয়ন,গ্রাম আদালতের কার্যক্রম,সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ও যাচাই-বাছাই,বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্যক্রম, ভিজিডি-ভিজিএফসহ সরকারি সহায়তা বিতরণ, পরিবার পরিকল্পনা,কৃষি,স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি কার্যক্রমের সমন্বয়সহ প্রতিদিন অসংখ্য নাগরিক সেবা এখান থেকেই পরিচালিত হয়। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন, উন্নয়ন পরিকল্পনা,আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, দুর্যোগ ব্যবস্থাপনা,কর আদায় এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতেও ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির ভবন এখন নিজেই ঝুঁকির মধ্যে। ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ছে,বিভিন্ন স্থানে দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, টিনের চাল মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে শত শত সেবাগ্রহীতা নিরাপত্তাহীন পরিবেশে সেবা নিতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়,সামান্য বৃষ্টিতেই অফিস কক্ষের ভেতরে পানি পড়ে। অনেক কক্ষে বালতি ও পাত্র রেখে পানি সংগ্রহ করতে হচ্ছে। গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষায় কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত সতর্ক থাকতে হয়। ভবনের বিভিন্ন স্থানে ফাটল,খসে পড়া পলেস্তারা ও নষ্ট হয়ে যাওয়া রঙ ভবনের নাজুক অবস্থারই প্রমাণ দিচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান,ইউনিয়ন পরিষদে প্রতিদিন জন্মনিবন্ধন,মৃত্যু নিবন্ধন,জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত প্রত্যয়ন,নাগরিকত্ব সনদ,ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স,বিভিন্ন ভাতার আবেদন,গ্রাম আদালতের বিচারসহ নানা প্রয়োজনে শত শত মানুষ আসেন। কিন্তু ভবনের ঝুঁকিপূর্ণ পরিবেশে তাদের আতঙ্ক নিয়ে অবস্থান করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এলাকাবাসীর অভিযোগ,বছরের পর বছর ধরে ভবনটির সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিটি নির্বাচনের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে ভবনের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়া বলেন,এই ইউনিয়ন পরিষদে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন নাগরিক সেবা নিতে আসেন। কিন্তু ভবনের বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়,কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের জোর দাবি,দ্রুত একটি আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে বর্তমান ভবনের সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক।
স্থানীয় সচেতন মহলের মতে,ইউনিয়ন পরিষদ শুধু একটি প্রশাসনিক কার্যালয় নয়;এটি গ্রামের মানুষের সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র। তাই জনগণের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের জন্য দ্রুত একটি আধুনিক, টেকসই ও যুগোপযোগী ভবন নির্মাণ এখন সময়ের দাবি।
মতামত