ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০৬নং হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৫ জুলাই ২০২৬ তারিখে একটি বৃক্ষ রোপণ করি, স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়ি এবং একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের মুক্ত বাতাস লাগুক সবার প্রাণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা। কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাকের, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার বিষয়ে সচেতন করা হয়।
প্রধান শিক্ষক মোঃ শাকের বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও পরিচর্যার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে। তাই সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান তিনি। কর্মসূচি শেষে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা করে সেগুলোকে বড় গাছে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
মতামত