নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে র্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) প্রক্টরের কার্যালয় থেকে প্রকাশিত এক নোটিশে র্যাগিং ও বুলিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর বুধবার (১৫ জুলাই) প্রতিটি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন নির্বিঘ্ন রাখতে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচলিত র্যাগিং সংস্কৃতি প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ এ নির্দেশনা জারি করেন।
নোটিশে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের র্যাগিং ও বুলিং প্রতিরোধ নীতিমালা অনুযায়ী র্যাগিং ও বুলিং একটি সামাজিক ও শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা বিধি অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষার্থীর প্রতি ইচ্ছাকৃতভাবে শারীরিক বা মানসিকভাবে ক্ষতিকর, অপমানজনক কিংবা আক্রমণাত্মক আচরণ র্যাগিংয়ের আওতায় পড়বে।
এতে আরও বলা হয়েছে, র্যাগিং বা বুলিংয়ের শিকার হলে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ছাত্র উপদেষ্টার কাছে বিষয়টি জানাতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অথবা ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালকের নিকট ই-মেইলের মাধ্যমে অভিযোগ দাখিল করা যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ দ্রুত নিষ্পত্তির সুবিধার্থে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রক্টরিয়াল বডির সদস্যদের যোগাযোগ নম্বরসম্বলিত ব্যানার স্থাপন করা হয়েছে। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও র্যাগিং ও বুলিং এর বিরুদ্ধে সক্রিয় রয়েছে।
মতামত