কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের কৃতী সন্তান,তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক, গরীবের আশ্রয়স্থল ও গণমানুষের নেতা কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন-এর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (১৮ জুলাই)। এ উপলক্ষে পরিবার,আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী,শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন উপজেলার সাচাইল গ্রামের মরহুম আমানী ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন তাড়াইলের রাজনৈতিক,সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৮ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা, যোগাযোগ,গ্রামীণ অবকাঠামো উন্নয়ন,সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা,সৎ নেতৃত্ব এবং সহজ-সরল জীবনযাপনের কারণে তিনি তাড়াইলবাসীর কাছে একজন জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
২০১৮ সালের ১৮ জুলাই তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে তাড়াইলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। তবে তাঁর কর্ম,সততা ও জনসেবার আদর্শ আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতা,সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ বলেন,কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন ছিলেন একজন জনবান্ধব,নীতিবান ও উন্নয়নমুখী জনপ্রতিনিধি। তাড়াইলের উন্নয়ন এবং মানুষের কল্যাণে তাঁর অবদান উপজেলাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মতামত