হাজারো স্বপ্ন, বুকভরা প্রত্যাশা আর নতুন এক জীবনের প্রত্যাশা নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাঙ্গণে পদার্পণ করেছেন ২১তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা। দীর্ঘ ভর্তিযুদ্ধের প্রতিটি ধাপ অতিক্রম করে কাঙ্ক্ষিত এই বিদ্যাপীঠে পৌঁছানোর আনন্দ যেন ছড়িয়ে পড়েছে তাদের প্রতিটি হাসিতে। নতুন মুখের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে সবুজে ঘেরা নোবিপ্রবি ক্যাম্পাস। নীল দিঘির শান্ত জলরাশি, ময়নাদ্বীপের মনোমুগ্ধকর সৌন্দর্য, প্রশান্তি চত্বর, শান্তিনিকেতন, বিস্তীর্ণ খেলার মাঠ আর পরিচিত পথগুলো যেন নতুনদের আগমনে ফিরে পেয়েছে অন্যরকম প্রাণচাঞ্চল্য।
নবীনদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজস্ব আয়োজনে সাজিয়ে তোলে আনন্দঘন পরিবেশ। শিক্ষক ও অগ্রজ শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে প্রতিটি বিভাগ যেন হয়ে ওঠে একেকটি উৎসবের আঙিনা। কোথাও ফুল দিয়ে শুভেচ্ছা, কোথাও মিষ্টিমুখ, আবার কোথাও কলম,চাবির রিং,ডায়েরি, চকলেট ও বিভাগের বিভিন্ন তথ্যসম্বলিত নির্দেশিকা তুলে দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়। রঙিন আলপনা, শুভেচ্ছাবার্তা, ব্যানার আর সৃজনশীল সাজসজ্জায় সেজে ওঠে শ্রেণিকক্ষ ও বিভাগের করিডোর। পরিচিতি পর্ব, শুভেচ্ছা বক্তব্য এবং প্রাণবন্ত আড্ডায় প্রথম দিনেই গড়ে ওঠে শিক্ষক, সিনিয়র ও নবীনদের আন্তরিক এক বন্ধনের সূচনা।
দেশের নানা প্রান্ত থেকে পরিবার-পরিজন ছেড়ে আসা শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা ছিল এক নতুন অভিজ্ঞতা। তবে সেই অচেনা অনুভূতি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। নতুন বন্ধু, নতুন শ্রেণিকক্ষ, নতুন স্বপ্ন আর অগ্রজদের আন্তরিক সহযোগিতায় ধীরে ধীরে আপন হয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ।প্রশান্তি চত্বর কিংবা শান্তিনিকেতনের আড্ডা, নীল দিঘির পাড়ে গল্প, ময়নাদ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছবি তোলা—এসব মুহূর্তেই রঙিন হয়ে উঠছে নবীনদের ক্যাম্পাস জীবন।
নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নোবিপ্রবিতে পড়ার সুযোগ তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তব রূপ। তারা শুধু ভালো ফলাফল অর্জন নয়, গবেষণা, সংস্কৃতি, খেলাধুলা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের যোগ্য, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান। তাদের বিশ্বাস, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি নিজেকে আবিষ্কার করার, নেতৃত্ব বিকাশের এবং ভবিষ্যতের ভিত্তি নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
নবীনদের হাসি, স্বপ্ন আর অফুরন্ত প্রাণশক্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন নতুন করে তারুণ্যের রঙে রাঙিয়ে উঠেছে। এই পথচলা শুধু একটি শিক্ষাবর্ষের সূচনা নয়, বরং অসংখ্য স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক নতুন অভিযাত্রা। ২১তম ব্যাচের হাত ধরে নোবিপ্রবির শিক্ষা, গবেষণা ও সৃজনশীলতার পথচলা আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশাই বিশ্ববিদ্যালয় পরিবারের।
মতামত