রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন ও শহীদ মিনার প্রাঙ্গণের সামনে টানানো শিক্ষার্থীদের ৩৭ দফা দাবি সম্বলিত একটি ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, গত ২০২৫ সালের ২২ থেকে ২৫ জুন পর্যন্ত কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও বিভিন্ন সমস্যা সমাধানে ৩৭ দফা দাবি নিয়ে জোর আন্দোলন করেছিলেন। সে সময় কলেজ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে আন্দোলন স্থগিত করালেও দীর্ঘ সময়ে এর কোনো দৃশ্যমান অগ্রগতি বা বাস্তবায়ন দেখতে পাননি শিক্ষার্থীরা।
প্রশাসনের এমন নীরবতায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সম্প্রতি প্রশাসনিক ভবনের সামনে, ঠিক শহীদ মিনার প্রাঙ্গণে তাদের ৩৭ দফা দাবি সম্বলিত একটি ব্যানার টানিয়ে দেন। কিন্তু রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি সম্পূর্ণ ছিঁড়ে ক্ষতবিক্ষত করে দেয়।
ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার পর থেকেই কারমাইকেল কলেজ কেন্দ্রিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ ও পেজগুলোতে শিক্ষার্থীরা তীব্র নিন্দা ও মন্তব্য প্রকাশ করছেন। শিক্ষার্থীদের অনেকেই এই ঘটনার জন্য সরাসরি কলেজ প্রশাসনকে দায়ী করছেন। আবার একাংশের ধারণা, দাবিগুলো বাস্তবায়ন না হওয়ার পেছনে কলেজে চলমান তৃণমূল পর্যায়ের যে 'সিন্ডিকেট' কাজ করছে, তারাই পরিকল্পিতভাবে এই ব্যানারটি অপসারণ করতে চেয়েছিল এবং ছিঁড়ে ফেলেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের দীর্ঘদিন ধরে চলে আসা যৌক্তিক দাবি-দাওয়াগুলো কলেজ প্রশাসন কোনোভাবেই আমলে নিচ্ছে না এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করছে না। অবিলম্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাতের আঁধারে ব্যানার ছিঁড়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের যৌক্তিক ৩৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়।
তবে, ব্যানার ছিঁড়ে ফেলার এই ঘটনা এবং শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা বিবৃতি জানানো হয়নি।
মতামত