দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। উত্তরের পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে শুরু করে দক্ষিণের কক্সবাজার, পাহাড়ি অঞ্চল কিংবা সমতলের বিভিন্ন জেলা সহ দেশের নানা প্রান্ত থেকে আসা স্বপ্নবাজ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে এই ক্যাম্পাস।
নতুন বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নবীনদের মনে যেমন ছিল স্বপ্ন, আশা আর উদ্দীপনা, তেমনি ছিল কিছুটা অজানা শঙ্কাও। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন হবে, শিক্ষকরা কেমন, সিনিয়র শিক্ষার্থীরা কীভাবে গ্রহণ করবেন,এমন নানা প্রশ্ন ঘুরছিল তাদের মনে। শত শত মাইল দূর থেকে সম্পূর্ণ নতুন একটি জায়গায় এসে অচেনা মানুষদের সঙ্গে মানিয়ে নেওয়ার ভাবনাও ছিল অনেকের।
তবে ক্যাম্পাসে পা রাখার পর অনেকের সেই শঙ্কা কেটে গেছে। ভর্তি কার্যক্রমের শুরু থেকেই নবীনদের পাশে ছিলেন সিনিয়র ভাই-বোনেরা। ক্যাম্পাসে আসার উপায়, থাকার ব্যবস্থা, ভর্তি প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা সহযোগিতা করেছেন। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লার মতো আশপাশের জেলার পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহীসহ দূরের জেলা থেকে আসা শিক্ষার্থীদেরও আপন করে নিয়েছেন তারা। প্রয়োজনের সময় বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।
প্রাণীবিদ্যা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী আহমেদ ফারুক (তাসদীদ) বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে বুঝেছি, সিনিয়ররা শুধু বড় ভাই বা আপু নন, তারা পরিবারের সদস্যের মতো। নতুন পরিবেশে শুরুতে কিছুটা দ্বিধায় থাকলেও তাদের সহযোগিতায় সবকিছু সহজ হয়ে গেছে। পড়াশোনা থেকে শুরু করে ক্যাম্পাসের নানা বিষয়েই তাদের পাশে পাচ্ছি। যেকোনো প্রয়োজনে তাদের আন্তরিক সহযোগিতা আর আমাদের শ্রদ্ধাই সিনিয়র-জুনিয়রের এই সুন্দর সম্পর্ককে আরও দৃঢ় করেছে।”
বিশ্ববিদ্যালয় জীবনে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয়, অনেক বাস্তব অভিজ্ঞতাও সিনিয়রদের কাছ থেকেই শেখা যায়। কোন শিক্ষক কীভাবে ক্লাস নেন, পরীক্ষার আগে কীভাবে প্রস্তুতি নিতে হয়, কোন ক্লাব বা সংগঠনে যুক্ত হলে নিজের দক্ষতা বাড়ানো যায় কিংবা ক্যাম্পাসের বিভিন্ন খুঁটিনাটি বিষয়,এসবই এক ব্যাচ থেকে আরেক ব্যাচের কাছে পৌঁছে যায়।
নোবিপ্রবির ২০তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিহাদ বলেন, “সিনিয়র-জুনিয়র সম্পর্ক শুধু সিনিয়রদের দায়িত্বে গড়ে ওঠে না। জুনিয়রদেরও প্রয়োজন হলে বিনয়ের সঙ্গে সাহায্য চাওয়া এবং সিনিয়রদের প্রতি সম্মান দেখানো উচিত। অনেক সময় একটি সালাম বা একটি ধন্যবাদ থেকেই নতুন একটি সম্পর্কের শুরু হয়।”
বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেলে হয়তো ক্লাস, পরীক্ষা কিংবা ফলাফলের অনেক স্মৃতিই ধীরে ধীরে ম্লান হয়ে যায়। কিন্তু বিপদের সময় কে পাশে দাঁড়িয়েছিল, কে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এসব স্মৃতি সহজে ভোলা যায় না। আজকের জুনিয়রই কয়েক বছর পর সিনিয়র হবে। তাই এই সহযোগিতা, সম্মান ও আন্তরিকতার সংস্কৃতি এক ব্যাচ থেকে আরেক ব্যাচে ছড়িয়ে পড়ুক, এটাই হতে পারে একটি সুন্দর ও মানবিক ক্যাম্পাসের পরিচয়।
মতামত