রাষ্ট্রীয় সর্বোচ্চ দায়িত্ব পালন করার পর ক্ষমতার অপব্যবহার, অসততা বা অন্যায়ের দায়ে জনগণের তীব্র ক্ষোভের মুখে পদত্যাগ করা কেবল দায়িত্বের অবসান ঘটায়, কিন্তু অপরাধের দায় থেকে মুক্তি দেয় না।
দেশের প্রচলিত আইন যেমন অপরাধের বিচারকে প্রাধান্য দেয়, তেমনি ইসলামী শরীয়াহও স্পষ্টভাবে ঘোষণা করে যে অন্যায় বা জুলুমের পর পদত্যাগ কোনো আইনি বা নৈতিক ঢাল হতে পারে না, কারণ ইসলামে রাষ্ট্রীয় বা প্রশাসনিক পদ কোনো ভোগ-বিলাসের মাধ্যম নয়, বরং এটি একটি গুরুভার ‘আমানত’ এবং আল্লাহ তাআলা কুরআনে নির্দেশ দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানতসমূহ তার যোগ্য ব্যক্তির কাছে প্রত্যর্পণ করো এবং যখন মানুষের মধ্যে বিচার-ফয়সালা করবে তখন যেন ন্যায়সংগতভাবে করো (সূরা নিসা: ৫৮), ফলে শাসক বা রাষ্ট্রপ্রধান যদি সেই আমানতের খিয়ানত করেন কিংবা জনগণের ওপর জুলুম ও অসততার আশ্রয় নেন তবে তিনি চরম অপরাধে অপরাধী এবং পদত্যাগ করায় তিনি কেবল পদ থেকে সরে দাঁড়ালেন কিন্তু তার অপরাধের দায়ভার পুরোপুরি বহাল থেকে যায়।
ইসলামের ইতিহাসে শাসক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কঠোর জবাবদিহিতার অজস্র উদাহরণ রয়েছে, যেমন দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর শাসনকালে কুফার শাসক ও প্রখ্যাত সাহাবি সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-এর বিরুদ্ধে কুফাবাসীদের একাংশ খলিফার কাছে কিছু প্রশাসনিক দূরত্ব ও অসন্তোষের অভিযোগ জমা দিলে হযরত উমর (রা.) অবিলম্বে তদন্ত পরিচালনা করেন এবং অভিযোগের সত্যতা যাচাই করার জন্য তাঁকে পদ থেকে সরিয়ে মদিনায় তলব করে প্রকাশ্যে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করান, যা প্রমাণ করে যে পদ ত্যাগ করা বা পদ থেকে অব্যাহতির মাধ্যমে বিচার এড়ানো যায় না।
এমনকি হযরত উমর (রা.) প্রতি বছর হজের সময় সমস্ত আঞ্চলিক গভর্নর ও কর্মকর্তাদের এক জায়গায় জড়ো করে সাধারণ জনগণকে উদ্দেশ্য করে প্রকাশ্যে ঘোষণা দিতেন যে কারও ওপর এই শাসকেরা শারীরিক বা আর্থিকভাবে কোনো জুলুম করে থাকলে যেন তিনি দাঁড়িয়ে বলেন এবং তিনি নিজেই তার বিচার করবেন।
ইসলামী শরীয়াহ অনুযায়ী যেকোনো সাধারণ অপরাধীর চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তি অপরাধ করলে তার শাস্তি ও জবাবদিহিতা আরও কঠোর হয়, যেখানে রাষ্ট্রীয় পদের অসদ্ব্যবহার করে কারও অধিকার হরণ করাকে ‘হক্কুল ইবাদ’ বা বান্দার অধিকার হিসেবে গণ্য করা হয় যা স্বয়ং আল্লাহও ক্ষমা করেন না যতক্ষণ না ক্ষতিগ্রস্ত জনগণ তার বিচার বা ক্ষতিপূরণ পায়, পাশাপাশি পদে থেকে অর্জিত যেকোনো অবৈধ অর্থ বা সম্পত্তি বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট বিধান রয়েছে এবং যেকোনো গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালতের নির্দেশে উপযোগী কঠোর সাজা (তাজীর) বা প্রয়োজনে কিসাস কার্যকর করার স্পষ্ট নিয়ম রয়েছে, যে প্রসঙ্গে মহানবী (সা.) কঠোরভাবে হুঁশিয়ার করে বলেছেন যে তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গেছে কারণ তাদের কোনো প্রভাবশালী ব্যক্তি অপরাধ করলে তাকে ছেড়ে দেওয়া হতো আর দুর্বল ব্যক্তি অপরাধ করলে তাকে সাজা দেওয়া হতো, আল্লাহর কসম আমার কন্যা ফাতিমাও যদি চুরি করত তবে আমি তার হাত কেটে দিতাম (সহীহ বুখারী)।
অতএব, জনগণের গণদাবি ও ক্ষোভের মুখে পদত্যাগ করা কেবল রাজনৈতিক ও প্রশাসনিক পতন নির্দেশ করে মাত্র, কিন্তু এটি কোনো অপরাধের আইনি মুক্তি হতে পারে না, কারণ ইসলাম স্পষ্ট জানিয়ে দেয় রাষ্ট্রের প্রধান কর্মকর্তা হোক বা সাধারণ নাগরিক আইনের বিচারে সবাই সমান এবং জনগণের কাছে ও বিচারব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কৃতকর্মের উপযুক্ত শাস্তি ভোগ করাই ন্যায়বিচারের একমাত্র পথ।
মতামত