নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীহাট ডিগ্রি কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সংবর্ধনা এবং কলেজের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
রোববার (২৬ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। পরে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।
কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এ এস এম কামাল উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমাম হোসাইন, প্রভাষক সাইফুল্লাহ সোহাগ, রাজনৈতিক ব্যক্তিত্ব কবির আহমেদ, আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এবং রাজনৈতিক নেতা একরামুল হক।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতির মূল চালিকাশক্তি হলো দক্ষ ও কার্যকর পরিচালনা পর্ষদ। নবগঠিত গভর্নিং বডি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবে।
এ সময় বক্তারা কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চৌধুরীহাট ডিগ্রি কলেজ ভবিষ্যতে শিক্ষা, নৈতিকতা ও সাফল্যের ক্ষেত্রে আরও সমৃদ্ধ অবস্থানে পৌঁছাবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং কলেজের উন্নয়নকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে আশাবাদ ও উৎসাহের সৃষ্টি করে।
মতামত